জাপানের কৃষি খাতে দীর্ঘদিনের তীব্র শ্রমিক সংকট মোকাবিলায় টোকিও যখন বহুমুখী পদক্ষেপ নিচ্ছে, তখন দক্ষিণ-পূর্ব এশীয় প্রতিদ্বন্দ্বীদের তুলনায় দ্রুত এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ ও নেপালের কর্মীরা। দক্ষ বিদেশি কর্মীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানে নিয়োজিত টোকিওভিত্তিক প্রতিষ্ঠান ‘মিরাই’ প্রথমবারের মতো কৃষি কাজের জন্য বাংলাদেশি প্রার্থী যুক্ত করেছে, যা জাপানের শ্রমবাজারে দক্ষিণ এশিয়ার নতুন উত্থানের ইঙ্গিত দিচ্ছে।
টোকিওভিত্তিক সংবাদমাধ্যম কিয়োদো নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ভিয়েতনাম ও ফিলিপাইন থেকে কর্মী আসার প্রবাহ কমে আসার প্রেক্ষাপটে জাপানি প্রতিষ্ঠানগুলো এখন দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে ঝুঁকছে।

গত আগস্টে জাপানের ‘স্পেসিফায়েড স্কিল্ড ওয়ার্কার’ (এসএসডব্লিউ) কৃষি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বাংলাদেশে মিরাইয়ের একটি সহযোগী স্কুলের দুই শিক্ষার্থী দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় আওমোরি প্রিফেকচারের একটি কৃষি প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেয়েছেন। আগামী মাসগুলোতে তাদের জাপানের উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা রয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহের ২১ বছর বয়সী আহসান হাবিব কিয়োদো নিউজকে বলেন, জাপানে গিয়ে আধুনিক জাপানি কৃষি সম্পর্কে জানতে তিনি ভীষণ রোমাঞ্চিত এবং নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মুরগির যথাযথ যত্ন নিতে চাই। অন্যদিকে, বরিশালের ২০ বছর বয়সী প্রার্থী সিয়াম উর রহমান জাপানে কাজের সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, সেখানে গিয়ে তিনি কঠোর পরিশ্রম করতে চান এবং তুষার স্পর্শ করার অপেক্ষায় আছেন।