কোনো বড় চুক্তি বা ‘সমাপনী সিদ্ধান্ত’ ছাড়াই শেষ হয়েছে জাতিসংঘের জলবায়ু বিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১)। বৈশ্বিক উষ্ণতার জন্য জীবাশ্ম জ্বালানি দায়ী- এমন সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষের বিরোধে ভেস্তে যায় সমাপনী অধিবেশন।
এবার শুরু থেকেই সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে অংশগ্রহণকারীদের প্রত্যাশা কম ছিল। বাস্তবেও তেমনটা হওয়াকে হতাশাজনক বলছেন আয়োজক ও জলবায়ুকর্মীরা। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সামগ্রিক কোনো ঐকমত্য ছাড়াই কপ৩১ শেষ হওয়ায় তিনি গভীরভাবে হতাশ।
সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে এই ব্যর্থতা এমন সময় ঘটল যখন বৈশ্বিক উষ্ণতা দ্রুত বাড়ছে। প্রশ্ন হলো- জীবাশ্ম জ্বালানি নিয়ে দেশগুলোর মধ্যে বিরোধের কারণ কী? চুক্তি না হওয়ার ব্যর্থতা কেন এত গুরুত্বপূর্ণ? উষ্ণতা বৃদ্ধির প্রেক্ষাপটে কোনো পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়ার পরবর্তী প্রক্রিয়া কী?
কপ৩১-এ আসলে কী ঘটেছে?
কোনো চুক্তি অনুমোদনের জন্য অংশগ্রহণকারী সব দেশের সম্মতি প্রয়োজন হয়। রীতি অনুযায়ী, সম্মেলন শেষে একটি ‘সমাপনী সিদ্ধান্ত’ নেওয়া হয়, যেটিকে বড় চুক্তি হিসেবে দেখেন অনেকে।
এবার সম্মেলনের আয়োজক দেশ তুরস্ক ও আলোচনার সভাপতি অস্ট্রেলিয়া মিলে একটি চূড়ান্ত খসড়া প্রস্তাব দিয়েছিল। কিন্তু তাতে জীবাশ্ম জ্বালানির কথা স্পষ্টভাবে উল্লেখ ছিল না। তাই ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি দেশ প্রস্তাবে সমর্থন দেয়নি।
অন্যদিকে রাশিয়া ও সৌদি আরব নথিতে জীবাশ্ম জ্বালানির উল্লেখ না রাখার পক্ষে অবস্থান নেয়। কিছু দেশ কেবল একটি ঐকমত্যে পৌঁছানোর স্বার্থে অনিচ্ছা সত্ত্বেও প্রস্তাবটি মানতে রাজি হয়েছিল। কিন্তু তারপরও শেষ পর্যন্ত চুক্তিটি গৃহীত হয়নি।
