ঢাকার এক পাঁচ তারকা হোটেলের একটা ছোট্ট ঘর। ২০১৫ সালের জুনের এক রাত। খাটে-মেঝেতে গাদাগাদি করে বসে আছেন ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। সামনে হোটেলের বাইরে থেকে লুকিয়ে আনা রাতের খাবার। হোটেলের নিয়ম বলছে, বাইরের খাবার ঢোকানো যাবে না। ঘরের ভেতরে সেই নিয়ম ভাঙার উৎসব।
এই ভিড়ের মধ্যে একজন মানুষ আলাদা। দলের সবচেয়ে বয়স্ক সদস্য তিনি, তবে ক্রিকেটার নন। সেই মুহূর্তে তাঁর হাতে খাবারের প্লেট। কিন্তু একসময় তাঁর হাতে থাকত ফাইল, আর তাঁর সামনে বসে থাকত অপরাধী। নীরাজ কুমার। ভারতীয় পুলিশ সার্ভিসের ১৯৭৬ ব্যাচের কর্মকর্তা। ৩৭ বছরের পুলিশ-জীবন শেষে অবসর নিয়েছিলেন দিল্লি পুলিশের কমিশনার হিসেবে।