মাত্র কয়েক মাস আগের কথা। দেশজুড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের ‘জনসেবা’ উদ্যাপনের আহ্বান জানানো হয়েছিল। ভারতের সাবেক রাষ্ট্রপতি থেকে শুরু করে গুজরাটের তালুকা পঞ্চায়েতের সভাপতিদেরও মোদির ‘রূপান্তরকারী নেতৃত্বের’ প্রশংসা করতে এবং তাঁকে ‘বিকাশ পুরুষ’ হিসেবে বন্দনা করতে কাজে লাগানো হয়েছিল।
অবশ্য আমাদের এ কথাও মনে করিয়ে দেওয়া হয়েছিল যে মোদিই তথাকথিত ‘গুজরাট উন্নয়ন মডেল’-এর উদ্ভাবক। ২০১৪ সালের পর সেই মডেল সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। এসব প্রশংসা ও বন্দনার অন্তর্নিহিত বক্তব্য ছিল, ২০১৪ সালের আগের ‘খারাপ’ সময়ে সরকার যখন ‘উদ্যোক্তাদের’ লোভী পুঁজিপতি হিসেবে দেখত, তখনকার বিপরীতে এখন এমন একজন নেতা রয়েছেন, যিনি ‘সম্পদ সৃষ্টিকারীদের’ অভূতপূর্ব সমৃদ্ধির পথে জাতীয় অগ্রযাত্রার অংশীদার হিসেবে সম্মান করেন।
অথচ গত বৃহস্পতিবার সেই মোদিই একটি বণিক সংগঠনের অনুষ্ঠানে গিয়ে অনেকটা বিরক্তির সুরে ভারতের ‘সম্পদ সৃষ্টিকারীদের’ নীতিতে পরিবর্তন, ছাড় ও বিশেষ সুবিধা পাওয়ার অফুরন্ত আকাঙ্ক্ষার জন্য তিরস্কার করলেন। ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর এই দীর্ঘ বক্তৃতা ভবিষ্যতের ইতিহাসবিদেরা তাঁর পুরো রাজনৈতিক নেতৃত্বের মডেল ভেঙে পড়ার মুহূর্ত হিসেবে চিহ্নিত করবেন।